Tuesday, April 21st, 2026, 2:45 pm

ভাসমান টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে বড় ধাক্কা

 

কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহকারী একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস কম সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার জারি করা এক জরুরি নোটিশে সংস্থাটি জানায়, গ্যাসের এই ঘাটতির প্রভাব পড়েছে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ ঢাকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়। গ্যাসের চাপ কমে যাওয়ায় এসব অঞ্চলের আবাসিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে এই ঘাটতি তৈরি হয়েছে। ফলে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। তবে সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগতে পারে।

এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি আবাসিক গ্রাহকরাও রান্নার কাজে বিঘ্ন ঘটার শঙ্কা প্রকাশ করেছেন।

এনএনবাংলা/পিএইচ