Friday, March 6th, 2026, 9:11 pm

রবি চৌধুরীর অভিযোগের জবাবে যা বললেন ডলি সায়ন্তনী

 

ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী এবং ডলি সায়ন্তনী। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দীর্ঘদিন এই বিচ্ছেদের বিষয়ে কেউ মুখ খোলেননি। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, বিপ্লব নামের এক ড্রাইভারের সঙ্গে ডলির সম্পর্ক ছিল, যা তাদের বিচ্ছেদের অন্যতম কারণ।

রবি চৌধুরীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডলি সায়ন্তনী গত বুধবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, রবি চৌধুরীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

ফেসবুকে ডলি লেখেন, “সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না।”

ডলি আরও জানান, ডিভোর্সের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। তবে বিচ্ছেদের কারণ প্রকাশ করতে রাজি নন।

তিনি আরও বলেন, “আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে। তবে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, যে ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে, সেই ডিভোর্সটা আমি দিয়েছি। কেন দিয়েছি সেটা এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলেছিলাম। অতএব এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।”

রবি চৌধুরী সম্প্রতি পডকাস্টে জানিয়েছেন, কোরিয়ায় থাকাকালীন বিপ্লব নামের এক ব্যক্তি তাদের গাড়ি চালাতেন এবং পরবর্তীতে ডলির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। রবি দাবি করেন, এই বিয়েবহির্ভূত সম্পর্কের প্রমাণ তার কাছে ছিল।

ডলির ভাই বাদশা বুলবুলকে রবি এই বিষয়টি জানিয়েছেন। রবি বলেন, বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে তিনি ডলিকে ডিভোর্স দিয়েছেন। তবে ডলি সায়ন্তনী এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং সব মিথ্যা বলে উল্লেখ করেছেন।

এনএনবাংলা/