Sunday, April 19th, 2026, 3:42 pm

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তেলের দাম বৃদ্ধি আইএমএফের শর্তের অংশ কিনা—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তেলের দাম আইএমএফের বৈঠকে যাওয়ার আগেই বাড়ানো হয়েছে, তাই এর সঙ্গে আইএমএফের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ দীর্ঘ সময় জনগণের স্বার্থ বিবেচনায় তেলের দাম বাড়ায়নি এবং শেষ পর্যন্তও জনগণের বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, অনেকেই সরকারকে প্রশ্ন করেছেন—তেলের দাম না বাড়ালে সরকারের তহবিল শূন্য হয়ে যাবে এবং তখন দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। এ কারণে অর্থনৈতিক চাপ সামাল দিতে কিছুটা দাম সমন্বয় করা হয়েছে।

আইএমএফের সঙ্গে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই—এ কথা স্পষ্ট করে উল্লেখ করে তিনি বলেন, দাম বৃদ্ধির পরিমাণও তুলনামূলক কম রাখা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়েছে।

মন্ত্রী আরও মন্তব্য করেন, তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই সামান্য। তবে সরকারি তহবিলের ওপর ক্রমবর্ধমান চাপ এবং অন্যান্য উন্নয়ন কর্মসূচি চালু রাখতে এই মূল্য সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছিল।

এনএনবাংলা/পিএইচ