Sunday, April 19th, 2026, 3:04 pm

যুদ্ধকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

 

ইরানের রাষ্ট্রায়ত্ত শহীদ ও ভেটেরানবিষয়ক ফাউন্ডেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানে তিন হাজার চারশ জনের বেশি মানুষ নিহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এই তথ্যের খবর জানিয়েছে আল-জাজিরা ও আরব নিউজ।

চলমান সংঘাতের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় এই হতাহতের তথ্য প্রকাশ করা হয়। উল্লেখ্য, এই সংঘাতটি ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয়।

ফাউন্ডেশনের প্রধান আহমদ মুসাভি, আইএসএনএ সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে জানান, সাম্প্রতিক এই সংঘাতে মোট তিন হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন।

এর আগে, ১২ এপ্রিল ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান এক বিবৃতিতে জানিয়েছিলেন, যুদ্ধে তিন হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আগের হিসাবের তুলনায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) গত ৭ এপ্রিল জানিয়েছিল, সংঘাতে অন্তত তিন হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন।

এইচআরএএনএ-এর তথ্যমতে, নিহতদের মধ্যে এক হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে অন্তত ২৫৪ জন শিশু রয়েছে। এছাড়া এক হাজার ২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং ৭১৪ জনের পরিচয় বা অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

এনএনবাংলা/পিএইচ