ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?
রোববার (১৯ এপ্রিল) পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প দাবি করেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু তিনি কখনোই ব্যাখ্যা করেন না—কোন অপরাধের কারণে ইরানকে এই অধিকার থেকে বঞ্চিত করা হবে। একটি দেশের অধিকার কেড়ে নেওয়ার এখতিয়ার ট্রাম্পের কে দিয়েছে?”
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধের পেছনে কোনো যৌক্তিক কারণ ট্রাম্প দেখাতে পারেন না। তিনি দাবি করেন, ইরান আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে।
পেজেশকিয়ান বলেন, ইরান কখনো কোনো দেশে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। বরং ইরানই বারবার হামলার শিকার হয়েছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশটি আত্মরক্ষার অবস্থানেই রয়েছে।
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার সম্ভাবনা, পাকিস্তানে প্রস্তুতির ইঙ্গিত
এদিকে আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি সূত্র। রোববার নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে তারা জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত থেকে আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ইসলামাবাদের কাছের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে।
এছাড়া ইসলামাবাদের রেড জোন এলাকায় যাতায়াতের কিছু সড়ক অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রস্তুতির ইঙ্গিত দেয় বলে তারা মনে করছেন।
আরও জানা গেছে, রাজধানীর সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে বুকিং বন্ধ রাখা হয়েছে এবং আগামী শুক্রবার পর্যন্ত সেখানে নতুন কোনো রিজার্ভেশন নেওয়া হচ্ছে না।
এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী
জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে